লুকানোর কিছু নেই।

“ইনসাইড আউট” নামটা এমনি এমনি না। মনে যা আছে, সেটাই বাইরে বেরিয়ে আসুক — এটাই আমি বিশ্বাস করি। পরিবারের কাছে, বন্ধুদের কাছে, আর যাদের সাথে ব্যবসা করি তাদের কাছেও।

ব্যাকগ্রাউন্ড

জন্ম আর বেড়ে ওঠা মাদারীপুরে, এখন থাকি ঢাকায়। বেশিরভাগ যা শিখেছি — ডিজাইন, ওয়েব, অ্যাপ ডেভেলপমেন্ট — নিজে নিজেই শিখেছি। লেখালেখি আর কবিতার সাথেও পুরোনো সম্পর্ক।

কাজের জায়গা

২০২১ থেকে হাতিম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরসে সরাসরি কাজ করছি — আব্বার হাতে গড়া, প্রায় ২৬ বছরের পুরোনো হজ্জ-উমরাহ এজেন্সি। নিজে হজ্জ করেছি প্রথমবার, আর সেই অভিজ্ঞতা থেকেই ব্যবসাটাকে নতুন চোখে দেখা শুরু করেছি। এর পাশাপাশি আনসারি প্রোডাক্টসে পার্টনার হিসেবে যুক্ত আছি। এর আগে ২০১৯ সালে লিবসান নামে একটা ক্লোথিং ব্র্যান্ড শুরু করেছিলাম বন্ধুদের সাথে — এখন বন্ধ, কিন্তু সেখান থেকে শেখা কম না।

যা বিশ্বাস করি

স্বচ্ছতা আর গড়ে তোলা — এই দুটো জিনিসের ওপর ভর করেই এগোই। ব্যবসার প্রতিটা সংখ্যা সবাইকে বলি না, কিন্তু যা শিখি, যেভাবে ভুল করি, যেভাবে ঠিক করি — সেটা লুকাই না।

কেন এই সাইট

পারিবারিক ব্যবসার বাইরে, নিজের নামে কিছু একটা দাঁড় করাতে চেয়েছি। এজেন্ট না, প্রচারক না, কর্পোরেট কেউ না — শুধু একজন মানুষ, যে বানায়, শেখে, আর সেটা নিয়ে খোলাখুলি কথা বলে।